রবিবার, জুন ১৪, ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করল ব্রিটিশ রয়্যাল মেরিন

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ০১:৫৫ পিএম

ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার আটক করল ব্রিটিশ রয়্যাল মেরিন
ছবি : Collected

ইংলিশ চ্যানেলে রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে ব্রিটিশ সামরিক বাহিনী। রোববার (১৪ জুন) ভোররাতে এক বিশেষ অভিযানের মাধ্যমে 'স্মায়রটস' নামের ট্যাঙ্কারটিকে জব্দ করা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মূলত রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া বহরের অংশ হিসেবে পরিচিত এই ট্যাঙ্কারটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনের কাজে নিয়োজিত ছিল বলে ব্রিটিশ কর্তৃপক্ষের দাবি।

 

প্রায় ছয় ঘণ্টা ধরে পরিচালিত এই জটিল অভিযানে রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। অভিযানে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) সক্রিয় সহায়তা ছিল।

 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত জাহাজটিকে তদন্তের স্বার্থে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের অদূরে নোঙর করে রাখা হয়েছে এবং এটিকে বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই অভিযানকে রাশিয়ার বিরুদ্ধে একটি বড় কৌশলগত আঘাত হিসেবে অভিহিত করেছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, ইউক্রেনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চলমান সামরিক অভিযানের পেছনে যারা আর্থিক ইন্ধন জোগাচ্ছে, তাদের জন্য এটি একটি কঠোর সতর্কবার্তা।

 

তিনি স্পষ্ট করেন যে, নিষেধাজ্ঞা অমান্য করে যারা রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একই সুরে সুর মিলিয়ে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস বলেন, রাশিয়া তার ইউক্রেন যুদ্ধের ব্যয় নির্বাহের জন্য এই ছায়া বহর ব্যবহার করছে, তাই এই ট্যাঙ্কার আটক পুতিনের যুদ্ধ প্রচেষ্টার জন্য একটি বড় ধাক্কা।

 

বিবিসির তথ্য অনুযায়ী, এই অভিযানে মেরিটাইম এয়ার গ্রুপ, আরএএফের পি-৮ বিমান এবং যুক্তরাজ্যের শক্তিশালী যুদ্ধজাহাজ এইচএমএস সাদারল্যান্ড ও এইচএমএস লেডবেরি অংশ নেয়।

 

আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষকদের মতে, রাশিয়া দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞা এড়াতে এই ‘শ্যাডো ফ্লিট’ পরিচালনা করে আসছে।

 

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্যমতে, রাশিয়ার নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলের প্রায় ৭৫ শতাংশই এই সাত শতাধিক জাহাজের বহর পরিবহন করে থাকে, যা ক্রেমলিনের যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক চাকা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

যুক্তরাজ্য ইতোমধ্যে এই বহরের প্রায় ৫০০টিরও বেশি জাহাজকে নিজেদের নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছে। বর্তমান পরিস্থিতিতে ট্যাঙ্কারটি আটকের ঘটনায় যুক্তরাজ্য ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক উত্তেজনা নতুন মোড় নিতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

 

- বিবিসি