সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডেনমার্কের ৪টি বিমানবন্দরের আকাশে একযোগে রহস্যময় ড্রোন!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪০ এএম

ডেনমার্কের ৪টি বিমানবন্দরের আকাশে একযোগে রহস্যময় ড্রোন!
ছবি: AP

ডেনমার্কজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালে দেশটির চারটি বিমানবন্দরের আকাশে একযোগে রহস্যময় ড্রোনের আনাগোনা দেখা যাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। এই ঘটনাকে একটি সমন্বিত ‘হামলা’ হিসেবে দেখা হচ্ছে, যার ফলে একটি প্রধান বাণিজ্যিক ও সামরিক বিমানবন্দর তিন ঘণ্টার জন্য বন্ধ রাখতে হয়েছিল।

 

আক্রান্ত বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে আলবর্গ, এসবজার্গ, সন্ডারবর্গ এবং স্ক্রাইডস্ট্রাপ। এর মধ্যে আলবর্গ বিমানবন্দরটি সামরিক কাজেও ব্যবহৃত হয়। পুলিশ জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে কারা এর পেছনে জড়িত বা তাদের উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ প্রধান জানিয়েছেন, “সুযোগ পেলে আমরা ড্রোনগুলো ভূপাতিত করব।”

 

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইউরোপজুড়ে নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ বিরাজ করছে। মাত্র দুদিন আগেই কোপেনহেগেন এবং অসলো বিমানবন্দরে একই ধরনের ঘটনা ঘটেছিল। ডেনমার্কের প্রধানমন্ত্রী এই ঘটনাকে দেশের ‘অবকাঠামোর ওপর সবচেয়ে গুরুতর হামলা’ বলে অভিহিত করেছেন। এর আগে পোল্যান্ড এবং এস্তোনিয়ায় রাশিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে, যার ফলে ন্যাটো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

 

যদিও রাশিয়া তাদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে, ন্যাটোর সদস্য দেশগুলোতে বারবার এই ধরনের ঘটনাকে একটি ‘উস্কানিমূলক প্যাটার্ন’ হিসেবেই দেখা হচ্ছে। এই সমন্বিত ড্রোন কার্যকলাপকে হাইব্রিড যুদ্ধের একটি নতুন রূপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যা মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়ন একটি ‘ড্রোন ওয়াল’ তৈরির পরিকল্পনাকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

 

- Euro News