পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি: রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের কাছে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার (২০ জুলাই, ২০২৫) সকালে এই ভূমিকম্প অনুভূত হয়, যার ফলে উপকূলীয় এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেসের ইউনিফাইড জিওফিজিক্যাল সার্ভের কামচাটকা শাখা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আঞ্চলিক রাজধানী পেত্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১১৪ কিলোমিটার (৭১ মাইল) পূর্বে। কম্পন প্রায় এক মিনিট স্থায়ী হয় এবং এর তীব্রতার কারণে লোকজন ভবন থেকে বাইরে বেরিয়ে আসে।
এই শক্তিশালী ভূমিকম্পের প্রায় আধা ঘণ্টা আগে একই এলাকায় ৫.০ এবং ৬.৭ মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। প্রাথমিকভাবে ইউএসজিএস ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের (১৮৬ মাইল) মধ্যে বিপজ্জনক সুনামি তরঙ্গের সম্ভাবনার বিষয়ে সতর্ক করেছিল। পরে অবশ্য কিছু এলাকায় সুনামির সতর্কতা বাতিল করা হয়েছে।
রুশ গণমাধ্যম জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের প্রধান বিভাগ জানিয়েছে, বিশেষজ্ঞরা যত দ্রুত সম্ভব ভবনগুলোর ক্ষয়ক্ষতি পরীক্ষা করা শুরু করবেন। স্থানীয় পরিষেবাগুলো উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কামচাটকা উপদ্বীপ প্রশান্ত এবং উত্তর আমেরিকান টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত, যা এটিকে একটি ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।