মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

লোহিত সাগরে জার্মান সামরিক বিমানে চীনা জাহাজের লেজার হামলা: রাষ্ট্রদূতকে তলব করলো জার্মানি

RNS News

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৫, ০৩:০৭ পিএম

লোহিত সাগরে জার্মান সামরিক বিমানে চীনা জাহাজের লেজার হামলা: রাষ্ট্রদূতকে তলব করলো জার্মানি
ছবি : AP

লোহিত সাগরে একটি জার্মান সামরিক নজরদারি বিমানে চীনা যুদ্ধজাহাজ থেকে লেজার হামলার প্রতিবাদে বার্লিনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জার্মানি। মঙ্গলবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এই ঘটনাকে ‘জার্মান কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলা’ এবং ‘অভিযানে বাধা সৃষ্টি’ হিসেবে উল্লেখ করে জার্মানি এটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘অ্যাসপাইডিস’ মিশনের অংশ হিসেবে একটি জার্মান সামরিক নজরদারি বিমানকে কোনো কারণ বা পূর্ব যোগাযোগ ছাড়াই একটি চীনা যুদ্ধজাহাজ থেকে লেজার রশ্মি নিক্ষেপ করা হয়। ওই চীনা যুদ্ধজাহাজটিকে এর আগেও বেশ কয়েকবার ওই এলাকায় দেখা গেছে। লেজার হামলার শিকার হলেও বিমানটি নিরাপদে জিবুতির একটি ঘাঁটিতে অবতরণ করে এবং এর কর্মীরা সুস্থ আছেন। এরপর থেকে বিমানটি লোহিত সাগরে ইইউ মিশনে তার কার্যক্রম আবার শুরু করেছে।

উল্লেখ্য, ইইউ-এর ‘অ্যাসপাইডিস’ মিশনটি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ থেকে বেসামরিক জাহাজগুলোকে রক্ষা করার উদ্দেশ্যে পরিচালিত হয়। এই মিশনটি শুধুমাত্র বেসামরিক জাহাজগুলোর সুরক্ষায় কাজ করে এবং কোনো সামরিক হামলায় অংশ নেয় না। লোহিত সাগরের দক্ষিণাঞ্চলকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়।

এই ঘটনায় চীনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, মঙ্গলবারও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি লাইবেরিয়ান পতাকাবাহী কার্গো জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর আগে হুতিরা আরেকটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছিল, যা এই গুরুত্বপূর্ণ জলপথে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।