ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলকে ‘অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি কাতার, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনে সাম্প্রতিক ইসরায়েলি হামলাগুলোর তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে ইসলামিক দেশগুলোকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিউনিসিয়া সফরকালে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
আব্বাস আরাঘচি বলেন, "জায়নবাদী সৃষ্ট হুমকি মোকাবেলায় একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত প্রয়োজন।" তিনি ইসরায়েলি হামলার বিরুদ্ধে তিউনিসিয়ার দৃঢ় অবস্থানের প্রশংসাও করেন।
আঞ্চলিক নিরাপত্তা ছাড়াও, তার এই সফরে ইরান ও তিউনিসিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কন্নোয়নেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আরাঘচি জানান, বাণিজ্য, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান এবং সংস্কৃতি খাতে সহযোগিতা বাড়াতে উভয় দেশই সম্মত হয়েছে।
এই সফরের সবচেয়ে বড় সাফল্য হলো, দীর্ঘ ১১ বছরেরও বেশি সময় পর ইরান-তিউনিসিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক পুনরায় তেহরানে আয়োজন করার সিদ্ধান্ত। আরাঘচি বলেন, "আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে আজ আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।"
এই সফর একদিকে যেমন ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক ঐক্য গড়ার একটি কূটনৈতিক প্রচেষ্টা, তেমনই অন্যদিকে তিউনিসিয়ার সঙ্গে ইরানের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার একটি সফল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।