সৌদি আরবের সদ্য প্রয়াত গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আলে শায়েখের প্রতি সম্মান জানিয়ে দেশটির রাজধানী রিয়াদের একটি প্রধান সড়কের নামকরণ তার নামে করা হচ্ছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, শায়খ আবদুল আজিজ আলে শায়েখ তার দীর্ঘ কর্মজীবনে ইসলামি জ্ঞানচর্চা, শিক্ষাদান এবং ফতোয়া প্রদানের মাধ্যমে কেবল সৌদি আরব নয়, পুরো মুসলিম বিশ্বে অপরিসীম অবদান রেখেছেন। তার প্রজ্ঞা ও অবদানের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবেই এই নামকরণ করা হচ্ছে।
শায়খ আবদুল আজিজ ১৯৯৯ সালের জুন মাসে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত টানা ২৬ বছর এই পদে আসীন ছিলেন। এই সময়ে তিনি শরিয়াহ আইনের ব্যাখ্যা প্রদান এবং বিভিন্ন সামাজিক ও আধুনিক আইনি বিষয়ে দিকনির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
গ্র্যান্ড মুফতির দায়িত্ব ছাড়াও তিনি সৌদি আরবের সিনিয়র ওলামা পরিষদ এবং ফতোয়া বোর্ডের সভাপতির পদেও দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের ২৩ সেপ্টেম্বর তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সৌদি আরবের ধর্মীয় অঙ্গনে একটি যুগের অবসান ঘটেছে বলে মনে করা হয়। ইসলামি শিক্ষা ও গবেষণায় তার অবদান মুসলিম বিশ্বে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। রিয়াদের প্রধান সড়কের এই নামকরণ তার প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ শ্রদ্ধারই বহিঃপ্রকাশ।