শনিবার, জুন ২০, ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের নিট পরীক্ষার্থীর কেন্দ্র ভুলবশত পড়ল আমিরাতের আবুধাবিতে

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০৮:০০ পিএম

ভারতের নিট পরীক্ষার্থীর কেন্দ্র ভুলবশত পড়ল আমিরাতের আবুধাবিতে
ছবি : Collected

ভারতের জাতীয় পরীক্ষা সংস্থার (এনটিএ) চরম অব্যবস্থাপনা ও প্রযুক্তিগত ত্রুটির কারণে এক অদ্ভুত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন মহারাষ্ট্রের এক শিক্ষার্থী।

 

ভারতে বসবাসকারী এবং দেশের অভ্যন্তরেই পড়াশোনা করা ওই শিক্ষার্থীর মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (নিট) কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সুদূর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে।

 

নিজ দেশের বদলে ভিনদেশে পরীক্ষাকেন্দ্র নির্ধারিত হওয়ায় ওই শিক্ষার্থী ও তাঁর পরিবার চরম ভোগান্তি ও দুশ্চিন্তার সম্মুখীন হন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

 

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ মোহাম্মদ তালিব। তিনি মহারাষ্ট্রের নাগপুর জেলার বাসিন্দা। সম্প্রতি অনলাইনে নিজের পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে গিয়ে তিনি এই অবিশ্বাস্য ভুলটি দেখতে পান।

 

পারিবারিক সূত্র থেকে জানা যায়, আবেদন করার সময় তিনি নিজের সুবিধার্থে পরীক্ষাকেন্দ্র হিসেবে মহারাষ্ট্রের নাগপুর, ওয়ার্ধা এবং ভান্ডারা-এই তিনটি শহরের নাম প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করেছিলেন।

 

কিন্তু প্রবেশপত্র হাতে পাওয়ার পর তিনি দেখতে পান, দেশের কোনো শহরের বদলে তাঁর পরীক্ষাকেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম জ্বলজ্বল করছে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, এই শিক্ষার্থীর কোনো বৈধ পাসপোর্ট নেই। ফলে বিদেশে গিয়ে তাঁর পক্ষে এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব ছিল না।

 

প্রবেশপত্রে এমন গুরুতর ভুলের বিষয়টি সামনে আসার পর মুহূর্তের মধ্যেই সেই প্রবেশপত্রের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে তা দ্রুত ভারতের জাতীয় পরীক্ষা সংস্থার (এনটিএ) নজরে আসে।

 

উদ্ভূত পরিস্থিতিতে সংস্থাটি আনুষ্ঠানিক বিবৃতিতে নিজেদের ভুল স্বীকার করে নেয়। এনটিএ কর্তৃপক্ষ জানায়, এটি সম্পূর্ণ একটি অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটেছে।

 

একই সঙ্গে সংস্থাটি ওই শিক্ষার্থী এবং তাঁর পরিবারকে আশ্বস্ত করে জানিয়েছে যে, খুব দ্রুত এই ত্রুটি সমাধান করে তাঁকে নতুন একটি সংশোধিত প্রবেশপত্র প্রদান করা হবে এবং তাঁর পছন্দ অনুযায়ী ভারতের অভ্যন্তরেই একটি পরীক্ষাকেন্দ্র বরাদ্দ করা হবে।

 

এর পাশাপাশি, দেশজুড়ে ছড়িয়ে থাকা পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ নির্দেশনাও জারি করেছে এনটিএ কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষার্থীর প্রবেশপত্রে পরীক্ষাকেন্দ্র বা ব্যক্তিগত তথ্যে কোনো ধরনের ভুল বা অসংগতি পরিলক্ষিত হয়েছে, তারা যেন কালক্ষেপণ না করে দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে।

 

উল্লেখ্য, আগামী ২১ জুন দেশব্যাপী রি-এনইইটি ইউজি ২০২৬ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রচলিত পেন-অ্যান্ড-পেপার বা লিখিত পদ্ধতিতে এই পরীক্ষা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ওইদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত চলবে এই পরীক্ষা।

 

পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সকল পরীক্ষার্থীকে সংশোধিত প্রবেশপত্রসহ প্রয়োজনীয় সব বৈধ কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে কড়া নির্দেশ প্রদান করা হয়েছে।

 

- এনডিটিভি