মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বর্ষণের তাণ্ডব, পৃথক ঘটনায় ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু

RNS News

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৫, ০২:০৭ এএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বর্ষণের তাণ্ডব, পৃথক ঘটনায় ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
ফাইল ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারি বর্ষণে ভয়াবহ দুটি দুর্ঘটনায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রদেশটির মালাকান্দ বিভাগে গতকাল মঙ্গলবার পৃথক দুটি স্থানে মাটির ঘরের ছাদ ধসে এই হতাহতের ঘটনা ঘটে। এতে আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (PDMA) প্রদেশজুড়ে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ভারি বর্ষণ ও বন্যার পূর্বাভাস দিয়ে আগেই সতর্কতা জারি করেছিল। সেই আশঙ্কাই সত্যি হলো।

 

রেসকিউ ১১২2 সূত্রের খবর, প্রথম ঘটনাটি ঘটে লোয়ার দির জেলার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায়। সেখানে একটি নির্মাণাধীন মাটির বাড়ির ছাদ ধসে পড়লে চারটি শিশু নিচে চাপা পড়ে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুদের উদ্ধার করে সমর বাগে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন। বাকি দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য হৃদয়বিদারক ঘটনাটি ঘটে শাংলা জেলার চাকসার তহসিলের  এলাকায়। সেখানে ভারি বৃষ্টির কারণে একটি বাড়ির মাটির ছাদ ধসে পড়ে। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগালেও এক পাঁচ বছর বয়সী শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় শিশুটির মা এবং আরও দুই ভাইবোন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সোয়াতের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন কর্তৃপক্ষ প্রদেশটির উত্তরাঞ্চলে হিমবাহ হ্রদ ফেটে আকস্মিক বন্যা (Glacial Lake Outburst Floods) বা GLOF-এর ঝুঁকি নিয়ে বিশেষভাবে সতর্ক করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে প্রদেশটিতে বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং কিছু জায়গায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে পার্বত্য এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি আরও বেড়েছে। প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে পাকিস্তানজুড়ে ভারি বর্ষণ, বন্যা এবং ভূমিধসে বহু মানুষের প্রাণহানি ঘটে।

 

---

দাওয়ান