জাপানের সদ্য সমাপ্ত উচ্চকক্ষের নির্বাচনকে সমালোচকরা "পারফর্মেটিভ নির্বাচন" হিসেবে অভিহিত করেছেন, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি উদ্বেগজনক শূন্যতা উন্মোচন করেছে: জাপানের ভবিষ্যতের জন্য কোনো জোরালো কৌশলগত দৃষ্টিভঙ্গির অনুপস্থিতি।
প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (LDP) জাপানের জনগণ এবং আঞ্চলিক দেশগুলির জন্য "মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক ভিশন" (FOIP), তিন দশকের স্থবিরতার পর অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য "আবেনোমিক্স" এবং "সক্রিয় শান্তিবাদ" এর মতো দিকনির্দেশনামূলক ধারণা দিয়েছিল। যদিও এই দৃষ্টিভঙ্গিগুলি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি, তবুও সেগুলি বর্তমান উচ্চকক্ষের নির্বাচনের সাথে একটি স্পষ্ট বৈপরীত্য তৈরি করে।
বর্তমান নির্বাচনে রাজনৈতিক দলগুলো কেবল নিজেদের অবস্থান নিয়ে ব্যস্ত ছিল এবং অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে একে অপরের সমালোচনা করেছে। কিন্তু জাপানের গুরুতর এবং ক্রমবর্ধমান কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলায় কোনো সুসংহত পরিকল্পনা কেউ উপস্থাপন করতে পারেনি। কল্পনার এই শূন্যতা কেবল রাজনৈতিক ভীরুতাকেই প্রতিফলিত করে না, বরং সাহসী নেতৃত্ব গ্রহণ করার একটি গভীর সাংস্কৃতিক অনীহাকেও তুলে ধরে। জাপানি প্রবাদ "যে পেরেকটি বেরিয়ে থাকে, তাকে পিটিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়" এই প্রবণতাকেই মূর্ত করে। এর অর্থ হলো, সমাজে যারা ভিন্ন বা ব্যতিক্রমী হতে চায়, তাদের দমন করা হয়।
প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার LDP এবং তাদের জোট শরিক কোমেতো উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলেছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো এই দৃষ্টিভঙ্গির অভাবকেই আরও প্রকট করে তুলছে। এটি ইশিবার পদত্যাগ বা পার্লামেন্টে রাজনৈতিক অচলাবস্থা তৈরি করতে পারে।
জাপানের এখন এমন রাজনৈতিক নেতৃত্বের জরুরি প্রয়োজন, যারা ঝুঁকি নিতে ভয় পান না এবং দেশের গভীর কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী ও দূরদর্শী দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে প্রস্তুত।