মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার বৈঠক

RNS News

RNS News

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৫, ০৫:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার বৈঠক
ফাইল ছবি

বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর জেমিসন গ্রিয়ারের কার্যালয়ে বৈঠক করেছেন। এই বৈঠকে দুই দেশের বাণিজ্য, ব্যবসা এবং চলমান শুল্ক আলোচনা নিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে।

দু'পক্ষই তাদের পারস্পরিক সুবিধার জন্য একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দিনব্যাপী শুল্ক আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে। এই আলোচনা অত্যন্ত ব্যাপক ছিল এবং দুই দেশের বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিক নিয়ে এতে আলোচনা হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তায়েব ঢাকা থেকে ভার্চুয়ালি এই আলোচনায় যোগ দেন। বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও মার্কিন রাজধানীতে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (USTR), কৃষি, শ্রম বিষয়ক, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, ট্রেজারি, উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি, বিনিয়োগ সংস্থাগুলি সহ বিভিন্ন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় উভয় পক্ষ তাদের বৈঠক পুনরায় শুরু করে। এই আলোচনা শুক্রবারও (আজ) চলবে।