রবিবার এক সরকারি তথ্য বিবরণীতে (পিআইডি হ্যান্ডআউট) জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা সভাপতিত্ব করেন। এতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি 'প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ' এবং 'প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ'-এর শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।
বৈঠকে শিক্ষক নেতারা তাদের মূল দাবিগুলো তুলে ধরেন, যা নিয়ে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে-সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরিকাল ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন করা এবং সহকারী শিক্ষকের পদ থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের এই দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে তারা আন্তরিক। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে শিক্ষক নেতাদের আশ্বস্ত করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতেই শিক্ষক নেতারা দেশব্যাপী চলমান কর্মবিরতি কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন। এই সিদ্ধান্তের ফলে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষাকার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, তার অবসান ঘটলো। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই বিষয়গুলোর সমাধানে মন্ত্রণালয়ের এই উদ্যোগকে শিক্ষক নেতারা ইতিবাচক হিসেবে দেখছেন।