বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মোদিকে দেখতে ভদ্র মনে হলেও বাস্তবে তিনি ‘টোটাল কিলার’

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ০১:৫২ পিএম

মোদিকে দেখতে ভদ্র মনে হলেও বাস্তবে তিনি ‘টোটাল কিলার’
ছবি : Collected

ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব ও ব্যক্তিত্ব নিয়ে অত্যন্ত ব্যতিক্রমী এবং জোরালো মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

দ্বিপক্ষীয় এক বৈঠকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে ভারতের প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভাসিয়ে মার্কিন প্রেসিডেন্ট তাকে একজন অত্যন্ত কঠোর নেতা এবং দক্ষ দরকষাকষিকারী হিসেবে অভিহিত করেন।

 

মূলত নরেন্দ্র মোদির রাজনৈতিক দৃঢ়তা এবং বৈশ্বিক দরকষাকষির অসাধারণ সক্ষমতার প্রশংসা করতেই ট্রাম্প রূপক অর্থে এসব শব্দ ব্যবহার করেছেন। বৈঠক চলাকালে উপস্থিত সাংবাদিক ও প্রতিনিধিদের সামনে ট্রাম্প নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে বলেন, এই মানুষটিকে আপনারা লক্ষ্য করুন।

 

আমি আপনাদের একটি বিষয় শেখাতে চাই। তিনি বিশ্বের অন্যতম সুন্দর চেহারার অধিকারী। তাকে দেখতে এতটাই শান্ত ও ভদ্র মনে হয়, যেন তিনি একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি একজন টোটাল কিলার বা চূড়ান্ত পর্যায়ের কঠোর ব্যক্তি।

 

তাকে দেখতে এত চমৎকার লাগে যে, তিনি তার কাজ দিয়ে যেকোনো মুহূর্তে আপনাকে অবাক করে দিতে পারেন। বিশ্বে এমন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ খুব কমই রয়েছে। ট্রাম্প আরও যোগ করেন, মোদি তার দেশের জনগণকে যেমন ভালোবাসেন, তেমনি যুক্তরাষ্ট্রের প্রতিও তার গভীর অনুরাগ রয়েছে।

 

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শক্তিশালী বন্ধুত্বের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জোরালো ভাষায় জানান, তিনি যতদিন হোয়াইট হাউসের দায়িত্বে থাকবেন, ভারত ততদিন সেখানে একজন সত্যিকারের অকৃত্রিম বন্ধু পাবে।

 

ট্রাম্প স্মরণ করেন টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের কথা, যেখানে কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম দুই নেতার অভাবনীয় জনপ্রিয়তার সাক্ষ্য দিয়েছিল। পাশাপাশি তিনি ভবিষ্যতে আবারও ভারত সফরের গভীর আগ্রহ প্রকাশ করেন।

 

অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে চমৎকার বাণিজ্য চুক্তি নিয়ে কাজ চলছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি বর্তমানে ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে এবং সেখানে ১৯ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ আসছে।

 

পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীও যুক্তরাষ্ট্রে যে ব্যাপক বিনিয়োগ করছেন, তার প্রতি মার্কিন প্রেসিডেন্ট গভীর সাধুবাদ জানান। অন্যদিকে, এই ঐতিহাসিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মার্কিন প্রেসিডেন্টের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

 

বিশেষ করে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের গৃহীত উদ্যোগগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার এক নতুন আশার সঞ্চার হয়েছে, যা ভবিষ্যতে দীর্ঘস্থায়ী শান্তির পথ সুগম করবে।

 

বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং সমুদ্রপথে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন নরেন্দ্র মোদি। দুই বিশ্বনেতার এই হৃদ্যতাপূর্ণ আলোচনা আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব এবং দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন গতিরই সুস্পষ্ট প্রতিফলন ঘটিয়েছে।

 

- এনডিটিভি