শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ দিবসে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন শি জিনপিং!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৯ এএম

শহীদ দিবসে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানালেন শি জিনপিং!
ছবি: CGTN

চীনের জাতীয় বীরদের আত্মত্যাগকে স্মরণ করে শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার সকালে বেইজিংয়ের কেন্দ্রস্থল তিয়েনআনমেন স্কয়ারে আয়োজিত এক ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) এবং রাষ্ট্রের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা জানান।

 

জাতীয় দিবসের ঠিক একদিন আগে, চীনের ১২তম শহীদ দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লি ছিয়াং, ঝাও লেজি, ওয়াং হুনিং, কাই ছি, ডিং শুয়েসিয়াং, লি শি এবং হান ঝেং সহ রাষ্ট্রের শীর্ষস্থানীয় নেতারা। সমাজের সর্বস্তরের প্রতিনিধিরাও এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যোগ দেন।

 

স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর চীনের জনগণের মুক্তি এবং গণপ্রজাতন্ত্রী চীনের উন্নয়নে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবতা পালন করা হয়।

 

এদিন শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোস’-এর সামনে নয়টি বিশাল ফুলের ঝুড়ি রাখা হয়। প্রেসিডেন্ট শি জিনপিং এবং অন্যান্য নেতারা স্মৃতিস্তম্ভের পাদদেশে যান। সেখানে প্রেসিডেন্ট শি ব্যক্তিগতভাবে ফুলের ঝুড়ির রিবন ঠিক করে দেন এবং পরে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে স্মৃতিস্তম্ভ প্রদক্ষিণ করে বীরদের প্রতি শ্রদ্ধা জানান।

 

উল্লেখ্য, ২০১৪ সালে চীনে ৩০শে সেপ্টেম্বরকে জাতীয়ভাবে শহীদ দিবস হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ১৯৪৯ সালের এই দিনেই ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আনুমানিক ২ কোটি চীনা নাগরিককে শহীদ হিসেবে গণ্য করা হয়, যাদের মধ্যে রয়েছেন, বিপ্লবী এবং সাধারণ মানুষ, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন।

 

- CGTN News