শনিবার, জুলাই ১৮, ২০২৬
৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএইচপি থেকে লৌহ আকরিক আমদানি নিষিদ্ধ করল চীন!

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৪ পিএম

বিএইচপি থেকে লৌহ আকরিক আমদানি নিষিদ্ধ করল চীন!
ছবি: ABC News

বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক ক্রেতা চীন এবং বিশ্বের বৃহত্তম খনি সংস্থা বিএইচপি-র মধ্যে বাণিজ্যিক বিরোধ চরমে উঠেছে। দীর্ঘমেয়াদী চুক্তির দর নিয়ে মতবিরোধের জেরে অস্ট্রেলিয়ান খনি জায়ান্ট বিএইচপি থেকে সব ধরনের লৌহ আকরিক আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ করেছে চীন।

 

ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রাষ্ট্রীয় ক্রেতা প্রতিষ্ঠান ‘চায়না মিনারেল রিসোর্সেস গ্রুপ’ (সিএমআরজি) দেশের প্রধান ইস্পাত উৎপাদক এবং ব্যবসায়ীদের বিএইচপি থেকে ডলার-ভিত্তিক যেকোনো সামুদ্রিক চালান কেনা বন্ধ করার নির্দেশ দিয়েছে।

 

এই পদক্ষেপকে বিএইচপি-র ওপর চীনের চাপ প্রয়োগের একটি বড় কৌশল হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত মাসেও দীর্ঘমেয়াদী চুক্তির আলোচনা ব্যর্থ হওয়ায় বিএইচপি-র একটি নির্দিষ্ট ব্র্যান্ডের লৌহ আকরিক কেনা স্থগিত করার নির্দেশ দিয়েছিল সিএমআরজি। মঙ্গলবারের এই নিষেধাজ্ঞা সেই আংশিক পদক্ষেপের একটি পূর্ণাঙ্গ রূপ।

 

উল্লেখ্য, ২০২২ সালে বিশ্ববাজারে লৌহ আকরিকের দর নির্ধারণে নিজেদের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই সিএমআরজি প্রতিষ্ঠা করেছিল বেইজিং।

এই নিষেধাজ্ঞা এমন এক সময়ে এলো যখন বিএইচপি এমনিতেই সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। সম্প্রতি কোম্পানিটি জানায়, চীন থেকে চাহিদা কমে যাওয়ায় গত পাঁচ বছরের মধ্যে তাদের মুনাফা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

 

বিশ্বের মোট সামুদ্রিক লৌহ আকরিকের প্রায় ৭৫ শতাংশই আমদানি করে চীন। অন্যদিকে, বিএইচপি হলো বিশ্বের বৃহত্তম তালিকাভুক্ত খনি সংস্থা। এই দুই হেভিওয়েটের মধ্যকার বিরোধ বিশ্বজুড়ে লৌহ আকরিকের বাজার এবং ইস্পাত শিল্পে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিএইচপি বা সিএমআরজি কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

 

-ABC News