বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে চাকরি হারানোর আশঙ্কা বাড়ছে, তখন ভিন্ন এবং আশাবাদী এক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন প্রযুক্তি জায়ান্ট সিসকো (Cisco)-র প্রেসিডেন্ট জিতু প্যাটেল। তিনি বলেছেন, কোনো ব্যক্তির চাকরি কৃত্রিম বুদ্ধিমত্তা কেড়ে নেবে না, বরং সেই চাকরিটি নেবে এমন কোনো প্রতিযোগী, যিনি তার চেয়ে ভালোভাবে AI ব্যবহার করতে জানেন।
ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাটেল বলেন, AI প্রতিটি কাজকেই নতুনভাবে সংজ্ঞায়িত করবে। এর ফলে কিছু পুরোনো চাকরি হয়তো হারিয়ে যাবে, কিন্তু তার চেয়েও অনেক বেশি নতুন ধরনের কাজের সুযোগ তৈরি হবে, যা আমরা এখন কল্পনাও করতে পারছি না। তাই তাঁর মতে, AI-এর সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য কর্মীদের নতুন দক্ষতা অর্জন বা ‘রিস্কিলিং’ করাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি প্রযুক্তি খাতের সেই ধারণার সঙ্গেও দ্বিমত পোষণ করেন, যেখানে বলা হচ্ছে AI বহুসংখ্যক প্রাথমিক স্তরের বা এন্ট্রি-লেভেল চাকরি শেষ করে দেবে। প্যাটেল যুক্তি দেন, তরুণ কর্মীরাই প্রতিষ্ঠানে নতুন চিন্তা নিয়ে আসে এবং তারা AI-কে ভিন্ন ও উদ্ভাবনী উপায়ে ব্যবহার করতে পারে, যা অত্যন্ত মূল্যবান।
জিতু প্যাটেল কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্ক করলেও, এর ইতিবাচক সম্ভাবনা নিয়েই তিনি বেশি আশাবাদী। তিনি মনে করেন, মানুষের সক্ষমতা বাড়িয়ে তোলা, দুরারোগ্য ব্যাধির নিরাময় আবিষ্কার এবং জীবনের মানোন্নয়নে AI-এর যে বিশাল ক্ষমতা রয়েছে, তা সঠিকভাবে কাজে লাগাতে পারলে মানব সমাজ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।