বিশেষ করে অধিকৃত ভূখণ্ডগুলোর নিয়ন্ত্রণ নিয়ে ক্রেমলিন তাদের অবস্থানে অনড় রয়েছে। মঙ্গলবার গভীর রাতে ক্রেমলিনে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে রুশ কর্মকর্তাদের দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক হয়। ট্রাম্প প্রশাসনের নতুন করে শান্তি প্রক্রিয়া শুরুর উদ্যোগের অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উশাকভ বৈঠকটিকে ‘বেশ কার্যকর’ হিসেবে অভিহিত করলেও স্পষ্ট জানিয়ে দেন যে, মার্কিন শান্তি প্রস্তাবের কাঠামো নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট কোনো খসড়া বা শব্দচয়ন চূড়ান্ত হয়নি। তিনি জোর দিয়ে বলেন, ভূখণ্ডের বিষয়ে কোনো আপস বা সমঝোতা এখনো পাওয়া যায়নি। ক্রেমলিনের মতে, এই মৌলিক বিষয়টির সুরাহা ছাড়া বর্তমান সংকটের কোনো সমাধান সম্ভব নয়।
মার্কিন প্রস্তাবনার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মস্কো। উশাকভ উল্লেখ করেন, কিছু আমেরিকান প্রস্তাব কমবেশি গ্রহণযোগ্য মনে হলেও, অন্য বেশ কিছু প্রস্তাব রাশিয়ার কাছে আপত্তিকর ঠেকেছে এবং তা সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। ফলে ওয়াশিংটন এবং মস্কো-উভয় পক্ষকেই আরও বিশদ কাজ করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের যোগাযোগ অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বৈঠকের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গত মাসে প্রকাশিত ডোনাল্ড ট্রাম্পের ২৮-দফা শান্তি পরিকল্পনার মাধ্যমে, যা নিয়ে ইউক্রেন ও তার মিত্রদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল। ওই পরিকল্পনায় ইউক্রেনকে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়া এবং ন্যাটোতে যোগদানের প্রচেষ্টা ত্যাগ করার মতো শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, যা কিয়েভ আগেই প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি ফ্লোরিডায় ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে মার্কিন আলোচনার পর সেই পরিকল্পনাটি ২০ দফায় নামিয়ে আনা হয়।
এদিকে, ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন যে, ইউরোপীয় ইউনিয়ন মার্কিন নেতৃত্বাধীন এই শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। পুতিনের মতে, ইউরোপীয়দের কোনো ‘শান্তি এজেন্ডা’ নেই, বরং তারা যুদ্ধের পক্ষেই অবস্থান নিয়েছে এবং এমন সব শর্ত জুড়ে দিচ্ছে যা রাশিয়ার পক্ষে মেনে নেওয়া অসম্ভব।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়ার ইউরোপে আক্রমণের কোনো পরিকল্পনা নেই, কিন্তু ইউরোপ যদি যুদ্ধ শুরু করতে চায়, তবে মস্কো তাৎক্ষণিকভাবে তার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কো সফররত মার্কিন দূতদের কাছ থেকে আলোচনার ফলাফল জানার অপেক্ষায় রয়েছেন।