সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হা মা সের ইতিবাচক সাড়াকে স্বাগত জাতিসংঘের

আর এন এস আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর, ২০২৫, ১১:১৫ এএম

হা মা সের ইতিবাচক সাড়াকে স্বাগত জাতিসংঘের
ছবি: AA

ফিলিস্তিনের স্বাধীনতামী গোষ্ঠী হামাসের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে আলোচনার জন্য ইতিবাচক সাড়া আসাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি এই ঘটনাকে "গাজার দুঃখজনক সংঘাতের অবসান ঘটানোর একটি সুযোগ" হিসেবে অভিহিত করে সকল পক্ষকে এটি কাজে লাগানোর জন্য জোর আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এই তথ্য জানান।

 

এই বিবৃতি এমন এক সময়ে এলো, যখন হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক জানিয়েছেন যে, তার গোষ্ঠী ট্রাম্পের প্রস্তাবের মূল রূপরেখায় "নীতিগতভাবে রাজি", তবে এর বাস্তবায়নের জন্য বিস্তারিত আলোচনার প্রয়োজন।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বলেন, "মহাসচিব সকল পক্ষের প্রতি এই সুযোগটি গ্রহণ করে গাজার দুঃখজনক সংঘাতের অবসান ঘটানোর জন্য আহ্বান জানাচ্ছেন।"

 

বিবৃতিতে, মহাসচিব এই শান্তি প্রক্রিয়ায় অমূল্য মধ্যস্থতার জন্য কাতার ও মিশরকে ধন্যবাদ জানান। তিনি আবারও গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, সকল জিম্মির নিঃশর্ত মুক্তি এবং উপত্যকায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের বিষয়ে তার ধারাবাহিক আহ্বানের কথা পুনর্ব্যক্ত করেন।

 

ডুজারিক আরও বলেন, আরও মানবিক বিপর্যয় এড়াতে এই লক্ষ্যগুলো অর্জনের জন্য জাতিসংঘ সকল প্রচেষ্টাকে সমর্থন করবে। জাতিসংঘের এই ইতিবাচক প্রতিক্রিয়া যুদ্ধ বন্ধের জন্য চলমান কূটনৈতিক তৎপরতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

 

- AA News