শনিবার, জানুয়ারী ২৪, ২০২৬
১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রী'কে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল..! চাঞ্চল্য সহ নানা মিশ্র প্রতিক্রিয়া 

RNS News

নূর আলম সরকার, গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৫, ১০:০৭ এএম

গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রী'কে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল..! চাঞ্চল্য সহ নানা মিশ্র প্রতিক্রিয়া 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক তার স্ত্রী'কে তালাক দিয়ে ২৫ কেজি গাভীর দুধ দিয়ে গোসল করে স্বস্তির কথা জানিয়েছেন। এ গোসল করে ইতিমধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও গণমাধ্যমে ভাইরাল হয়েছেন। 

১৮ই জুলাই শুক্রবার বিকেলে সাদুল্লাপুর উপজেলার ৭নং ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী গ্রামের জমিদার বাজারে দুধ দিয়ে গোসল করেন ওই যুবক। 

এ বিষয়ে হৃদয় মিয়া বলেন,বিয়ে করার পর থেকে সংসারে নানা অশান্তি হচ্ছিল। তাকে নিয়ে কখনও প্রশান্তি মিলেনি। অনেক কষ্ট মুখ বুজে সবকিছু সহ্য করার একপর্যায়ে তাকে তালাক দিয়ে অনেকটা স্বস্তি ফিরেছে মনে। এই আনন্দে দুধ দিয়ে গোসল করেছি। 

স্থানীয়রা জানায়,তরফ পাহাড়ী গ্রামের আব্দুর রউফ হাই মিয়ার ছেলে হৃদয় মিয়া প্রায় ১বছর আগে একই গ্রামে জনৈক ব্যক্তির কন্যাকে দুই লাখ ৮৫ হাজার টাকা দেনমোহর সাপেক্ষে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। 

এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। এ সময় মোহরানার সব টাকা বুঝিয়ে দেয়া হয় মেয়ের অভিভাবকে। এই স্ত্রী'কে তালাক দেয়ার আনন্দে গত শুক্রবার স্থানীয় জমিদার বাজারে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেন হৃদয় মিয়া। এ সময় গ্রাম্য গান-গীত গেয়ে মহা আয়োজনে হৃদয়কে গোসল করিয়ে তৃপ্তির স্বাদ গ্রহণ করেন স্বজনরা। তখন গ্রামের উৎসুক জনতার ঢল নামে। ফলে এলাকায় চাঞ্চল্যেসহ নানা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।