রোববার (২৫ জানুয়ারি) নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহাসমাবেশকে কেন্দ্র করে বন্দরনগরীতে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। দলীয় প্রধানের আগমনকে ঘিরে চট্টগ্রাম যেন এক নতুন রূপ পেয়েছে; নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন আর তোরণে।
কেবল বিএনপির নেতাকর্মীই নন, সাধারণ মানুষের মধ্যেও এই সফর নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও রাজনৈতিক প্রত্যাশা। সমাবেশস্থল পলোগ্রাউন্ড ময়দানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বিশাল কর্মযজ্ঞ। মাঠের পশ্চিম প্রান্তে প্রায় দুই হাজার বাঁশের খুঁটির সমন্বয়ে ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬০ ফুট প্রস্থের এক সুদৃশ্য ও বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে।
আয়োজকদের তথ্যমতে, এই মঞ্চে একসঙ্গে প্রায় দেড় হাজার অতিথি আসন গ্রহণ করতে পারবেন এবং মঞ্চের সামনে আরও পাঁচ সহস্রাধিক ভিআইপি চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে। তারেক রহমানের বার্তা লাখো মানুষের কাছে পৌঁছে দিতে মাঠ ও আশপাশের এলাকায় দুই শতাধিক মাইক এবং উচ্চক্ষমতাসম্পন্ন সাউন্ড সিস্টেম স্থাপন করা হয়েছে।
শনিবার মাঠ পরিদর্শনে দেখা যায়, সিটি করপোরেশনের তত্ত্বাবধানে চলছে শেষ মুহূর্তের ধোয়ামোছা ও মাঠ সমতল করার কাজ। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সমাবেশস্থল ও আশপাশের এলাকা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) জানিয়েছে, এই সমাবেশকে ঘিরে নগরজুড়ে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
প্রায় দুই হাজার পুলিশ সদস্যের পাশাপাশি র্যাব, গোয়েন্দা সংস্থা ও দলীয় নিজস্ব নিরাপত্তা বাহিনী ‘চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স’ (সিএসএফ) মাঠে সক্রিয় রয়েছে। পুরো এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন-এই তিন স্তরের নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে।
মঞ্চ এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করে সেখানে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে আকাশে ড্রোন উড্ডয়ন, বিস্ফোরক দ্রব্য ও আপত্তিকর প্ল্যাকার্ড বহনে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি। ডগ স্কোয়াড দিয়ে পুরো মাঠ তল্লাশি করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
শনিবার রাতেই বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অবস্থান করার কথা রয়েছে বিএনপি প্রধানের। রোববার সকালে তিনি তরুণ সমাজের সঙ্গে এক বিশেষ ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন, যা তার রাজনৈতিক দর্শনের আধুনিকতার ইঙ্গিত বহন করে।
এরপর বেলা সাড়ে ১১টায় তিনি মূল সমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মাঠ পরিদর্শন শেষে জানিয়েছেন, এই সমাবেশ কেবল দলীয় শক্তি প্রদর্শন নয়, বরং এটি গণতন্ত্রকামী মানুষের এক মিলনমেলায় পরিণত হবে। চট্টগ্রাম সফর শেষে তারেক রহমান ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জের পথসভাতেও অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।