সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান, সিসিইউতে চিকিৎসা চলছে

আর এন এস ডেস্ক

প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৯ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান, সিসিইউতে চিকিৎসা চলছে
ছবি: Collected

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া ভিত্তিহীন সংবাদ ও গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি নেত্রীর রোগমুক্তি কামনায় আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রিজভী নিশ্চিত করেছেন যে, খালেদা জিয়া এখনো রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসা কার্যক্রম আগের মতোই চলমান রয়েছে।

 

রুহুল কবির রিজভী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি বিশেষ মহল সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি নিয়ে নানা রকম গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আমি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে অনুরোধ করব, আপনারা এসব ভিত্তিহীন কথায় কান দেবেন না।

 

তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে গোটা জাতি আজ গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে।” তিনি আরও জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছেন। রিজভী স্পষ্ট করে বলেন, “সিসিইউতে তাকে আগের মতোই চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে নতুন কোনো তথ্য বা পরিবর্তনের খবর নেই।

 

অন্য কেউ কী বলল বা কী রটানো হলো, তাতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের মাঝে ফিরে আসতে পারেন।” খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করে বিএনপি নেতা বলেন, তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, বরং দেশের মানুষের কাছে এক ‘প্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে’ পরিণত হয়েছেন।

 

তিনি উল্লেখ করেন, বন্দি অবস্থায় থাকাকালীন তিনি তার সন্তানকে হারিয়েছেন, তবুও ভেঙে পড়েননি। বছরের পর বছর জরাজীর্ণ কারাগারে বন্দি থেকে অমানবিক নির্যাতন ও কষ্ট সহ্য করেছেন। তাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার এবং রাজনীতি থেকে মুছে ফেলার অসংখ্য ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে, কিন্তু তিনি দেশের মাটি ও মানুষকে ছেড়ে কোথাও যাননি। তার এই আপোষহীন মনোভাব ও ত্যাগের কারণেই আজ সারাদেশের মানুষ তার সুস্থতার জন্য মন থেকে প্রার্থনা করছে।

 

দলের এই সিনিয়র নেতা নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, বর্তমান সময়টি অত্যন্ত স্পর্শকাতর। তাই আবেগের বশবর্তী হয়ে বা গুজবে প্ররোচিত হয়ে কোনো ভুল পদক্ষেপ নেওয়া যাবে না। চিকিৎসকদের পরামর্শ ও দলের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর আস্থা রাখার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান। দোয়া মাহফিলে দলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করেন।