যুক্তরাষ্ট্রে রক্ষণশীল অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের হত্যাকাণ্ডের পর এবার অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এক প্রত্যক্ষদর্শী। তিনি জানিয়েছেন, অনুষ্ঠানের দুর্বল নিরাপত্তা দেখে তিনি আগেই শঙ্কিত ছিলেন যে, কোনো অঘটন ঘটলে চার্লি কার্ক এক ‘অরক্ষিত অবস্থানে’ থাকবেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) এই হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও আততায়ী এখনো অধরা।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ফেডারেল তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য জনসাধারণের কাছে সাহায্য চেয়েছেন এবং ১ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন।
তদন্তকারীরা জানিয়েছেন, তারা ঘটনাস্থল থেকে একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন রাইফেল, হাতের ছাপ এবং জুতোর ছাপের মতো গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা যায়নি বা এই রাজনৈতিক হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্যও জানা যায়নি।
এদিকে, উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চার্লি কার্কের জন্য একটি অস্থায়ী স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে, যেখানে শোকাহত সমর্থকরা ফুল ও চিরকুট রেখে যাচ্ছেন। এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রজুড়ে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিতর্ককে আরও তীব্র করে তুলেছে।