এই সপ্তাহের শেষে টেসলার বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবের ওপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈদ্যুতিক যানবাহন নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিনিয়োগকারীরা আগামী ৬ নভেম্বর এই চুক্তিটি অনুমোদন করবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সমালোচকরা এই বেতন চুক্তিকে "অতিরিক্ত" বা মাত্রাতিরিক্ত বলে অভিহিত করেছেন এবং এটি পাস হলে তা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিকে "অতিরিক্ত অনিয়ন্ত্রিত ক্ষমতা" প্রদান করবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নরওয়ের এই তহবিলটি টেসলার সপ্তম বৃহত্তম শেয়ারহোল্ডার এবং এখন পর্যন্ত তারাই এই প্রস্তাবের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া সবচেয়ে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান। তবে, বিরোধীদের এই চুক্তি থামানোর জন্য একটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে। টেসলার পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের এই পরিকল্পনাটি অনুমোদনের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।
পর্ষদের চেয়ারপারসন রবিন ডেনহোম সম্প্রতি সতর্ক করে দিয়েছেন যে, যদি এই চুক্তি প্রত্যাখ্যান করা হয়, তবে মাস্ক ১.৫ ট্রিলিয়ন ডলার বাজার মূল্যের এই প্রতিষ্ঠানটি ছেড়েও যেতে পারেন। তদুপরি, টেক্সাসের আইন (যেখানে টেসলা গত বছর সদর দফতর স্থানান্তর করে) ইলন মাস্ককে তার নিজের বৃহৎ শেয়ারের (প্রায় ১৩.৫% ভোটিং পাওয়ার) পক্ষে ভোট দেওয়ার অনুমতি দেয়, যা প্রস্তাবটি পাসের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
নরওয়ের এই রাষ্ট্রীয় তহবিল, যা এনবিআইএম নামে পরিচিত, টেসলায় ১.১২ শতাংশ শেয়ারের (মূল্য প্রায় ১৭ বিলিয়ন ডলার) মালিক। তহবিলটি তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই বিরোধিতার কারণ ব্যাখ্যা করেছে। তারা বলেছে, "যদিও আমরা মিঃ মাস্কের দূরদর্শী ভূমিকার অধীনে সৃষ্ট উল্লেখযোগ্য মূল্যকে সাধুবাদ জানাই, আমরা এই পুরস্কারের মোট আকার, (শেয়ার) লঘুকরণ এবং 'কী পার্সন রিস্ক' (মুখ্য ব্যক্তির ঝুঁকি) প্রশমনের অভাব নিয়ে উদ্বিগ্ন-যা নির্বাহী ক্ষতিপূরণ সংক্রান্ত আমাদের দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ।"
উল্লেখযোগ্য যে, এই তহবিলটি মাস্কের ২০১৮ সালের ৫৬ বিলিয়ন ডলারের পূর্ববর্তী বেতন প্যাকেজের বিরুদ্ধেও ভোট দিয়েছিল। দুটি প্রভাবশালী প্রক্সি উপদেষ্টা সংস্থাও (আইএসএস এবং গ্লাস লুইস) শেয়ারহোল্ডারদের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছে। তবে টেসলা যুক্তি দিয়েছে, কোম্পানির বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি না পেলে প্রধান নির্বাহী "কিছুই" উপার্জন করবেন না এবং সর্বোচ্চ পুরস্কারটি কেবল তখনই দেওয়া হবে যখন কোম্পানির বাজার মূল্য প্রায় ছয়গুণ বৃদ্ধি পেয়ে ৮.৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে।