মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চ শুল্কের ধাক্কা মোকাবিলা এবং অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়াতে ভারত সরকার পণ্য ও পরিষেবা কর (জিএসটি)-এ একটি বড়সড় সংস্কার ঘোষণা করেছে। এর ফলে এসি, টিভি, স্কুল সরঞ্জাম এবং বিমার মতো শত শত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে চলেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পূর্ববর্তী চারটি কর কাঠামোর পরিবর্তে এখন থেকে জিএসটি-র দুটি মূল হার থাকবে—৫% এবং ১৮%। তবে সিগারেট বা বিলাসবহুল গাড়ির মতো পণ্যের ওপর ৪০% বিশেষ কর বসানো হবে।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে এই নতুন হার কার্যকর হবে, যা ভারতের উৎসবের মরসুমের ঠিক আগে। বিশ্লেষকরা মনে করছেন, এই কর ছাড়ের ফলে বাজারে চাহিদা বাড়বে, যা দেশের জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে। যদিও সরকারের প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হতে পারে, তবে বর্ধিত কেনাকাটা সেই ক্ষতি পুষিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০% শুল্কের কারণে ভারতের রপ্তানি খাত যখন চাপের মুখে, তখন অভ্যন্তরীণ বাজারকে চাঙ্গা করার এই পদক্ষেপকে একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।